ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে আরও এক বাংলাদেশির মৃত্যু
দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১১ মে রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে সাতক্ষীরার বাসিন্দা শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নামে দুই বাংলাদেশি কর্মী হতাহত হন বলে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যায়।
বুধবার লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব মরদেহটি শ্রী শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। বর্তমানে মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে একই স্থানে অবস্থান করা অপর বাংলাদেশি কর্মী করিম মিয়ার মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধার অভিযান পুরোপুরি পরিচালনা করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, হামলার পর স্থানীয় প্রশাসন, লেবানিজ আর্মি ও উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজ বাংলাদেশি কর্মীর সন্ধানে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
উল্লেখ্য, গত সোমবারও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। নতুন করে আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন